সব গণপরিবহণে জিপিএস ট্র্যাকার বসানো হবে: সেতুমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৩:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
সড়ক পরিবহণে অনিয়ম রোধে সব গণপরিবহণে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ট্র্যাকার বসানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এতে আইন লঙ্ঘন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা যাবে এবং ফিটনেসবিহীন যানবাহন শনাক্ত করাও সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।
রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, হাইওয়ে পুলিশ আরও তৎপর থাকবে। যেসব স্থানে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে গাড়ি ফেরিতে তুলতে হবে।
এ সময় তিনি অভিযোগ করেন, ঈদের আগে ও পরের তিন দিন মহাসড়কে ট্রাক-লড়ি চলাচল না করার নির্দেশ থাকলেও কিছু জায়গায় তা চলেছে, যা যানজটের কারণ হয়েছে।
সেতুমন্ত্রী জানান, আগামীতে হাইওয়ের পাশে যত্রতত্র টিকিট কাউন্টার থাকবে না। তিনি বলেন, সামগ্রিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল, তবে কিছু জায়গায় যানজট ও দুর্ঘটনা ঘটেছে। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগের বছরের তুলনায় এবার দুর্ঘটনা কমেছে বলেও তিনি উল্লেখ করেন।



