জরুরি জ্বালানি চাহিদায় ৩ লাখ টন ডিজেল কেনার অনুমোদন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১০:১৪ এএম
ছবি : সংগৃহীত
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ পরিস্থিতিতে দেশে জরুরি জ্বালানি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল কেনার অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৬ মার্চ) জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৫-২৬ অর্থবছরের ২৯তম এবং ২০২৬ সালের ষষ্ঠ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের দুটি প্রস্তাবের আলোকে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয়পদ্ধতিতে ডিজেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেড থেকে ১ লাখ টন ইন৫৯০-(১০ পিপিএম) মাত্রার ডিজেল এবং সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেড থেকে ২ লাখ টন ইন৫৯০ ইউরো ৫ (১০ পিপিএম) মাত্রার ডিজেল কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।



