Logo
Logo
×

জাতীয়

স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৫:৪২ পিএম

স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং পুলিশ সংস্কারে সহযোগিতার আশ্বাস দিয়েছে সুইজারল্যান্ড।

বৈঠকে দুই দেশের মধ্যে আইন-শৃঙ্খলা, সন্ত্রাসবাদ দমন, সংসদীয় গণতন্ত্রের চর্চা, আর্থিক ও ডিজিটাল প্রতারণা প্রতিরোধ, মানি লন্ডারিং, পারস্পরিক আইনগত সহায়তা, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সংস্কারমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রকৃত সংসদীয় গণতন্ত্রের চর্চা। তিনি অতীতের ফ্যাসিস্ট শাসনামলে রাজনৈতিক দমন-পীড়নে পুলিশের ব্যবহারকে দুঃখজনক বলে মন্তব্য করেন।

রাষ্ট্রদূত রেটো রেংগলি পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে কারিগরি ও কৌশলগত সহযোগিতার আশ্বাস দেন। তিনি সংসদকে কার্যকর করার গুরুত্ব তুলে ধরেন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক বিতর্ককে গণতন্ত্রের অগ্রযাত্রায় অপরিহার্য বলে উল্লেখ করেন।

‘গ্লোবাল ফ্রড সামিট ২০২৬’-এ অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্ক্যাম বা ডিজিটাল প্রতারণা বর্তমানে বিশ্বের মোট প্রতারণার প্রায় ৪০ শতাংশ। এটি বৈশ্বিক সংকট এবং আন্তঃদেশীয় সহযোগিতা ছাড়া নির্মূল সম্ভব নয়।

সন্ত্রাসবাদ পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশে চরমপন্থা থাকলেও তা কখনোই সন্ত্রাসবাদে রূপ নেয়নি। পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট ও ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিট দক্ষতার সঙ্গে কাজ করছে।

আর্থিক খাতের সংস্কার প্রসঙ্গে মন্ত্রী বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে সংস্কার অপরিহার্য। রাষ্ট্রদূতও এতে একমত পোষণ করে বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা খান, সুইজারল্যান্ড দূতাবাসের কাউন্সিলর আলবার্তো জিওভানেত্তি প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম’ (ইউএনওডিসি)’র দক্ষিণ এশীয় আঞ্চলিক পরিচালক ক্রিস্টিয়ান হোলজ এক পৃথক বৈঠকে মিলিত হন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন