ছবি : সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের সরকারি ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে আবার খুলছে সব সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ফলে দেশ ফিরছে কর্মব্যস্ততায়।
তবে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি থাকায় অনেক চাকরিজীবী মাঝের ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। এর পরপরই ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে অনেকেই এবার ১৭ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১২ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করছেন। এ কারণে চলতি সপ্তাহে অফিস-আদালতের কার্যক্রম পুরোপুরি সচল হতে কিছুটা সময় লাগবে।
আশা করা হচ্ছে, আগামী সপ্তাহ থেকে রাজধানী ঢাকা তার চিরচেনা কর্মচাঞ্চল্যে ফিরবে। সাধারণত দেখা যায়, ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কাজের চাপ কম থাকে। সহকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়েই বেশি ব্যস্ত থাকেন। একইভাবে ব্যাংকগুলোতেও জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনের ভিড় কম দেখা যাবে।
এদিকে সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা ঈদ উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি কাটিয়েছেন। সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল। সেই ছুটি শেষ হওয়ায় মঙ্গলবার থেকে সংবাদমাধ্যমগুলোও আবার সরব হয়ে উঠবে।



