মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৩:২১ পিএম
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। একইসঙ্গে যুদ্ধকালীন হামলায় নিহত প্রবাসীর পরিবারকে তিন লাখ টাকা আর্থিক সহায়তা এবং সন্তানদের পড়াশোনার খরচ বহন করবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (২০ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা এ তথ্য জানান। এর আগে সৌদি আরবের আলখারাজ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফ হোসেনের মরদেহ গ্রহণ করেন দুই মন্ত্রী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “আমাদের প্রধান কাজ প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে রাখা। যারা বিদেশে থাকতে চান তাদের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে, আর যারা দেশে ফিরতে চান তাদের সরকারি খরচে আনার ব্যবস্থা করা হচ্ছে।”
প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “যে প্রবাসীরা যুদ্ধে নিহত হয়েছেন তাদের পরিবারকে প্রাথমিকভাবে তিন লাখ টাকা দেওয়া হবে। সন্তানদের পড়াশোনার ব্যয় বহন করা হবে এবং পরবর্তীতে আরও আর্থিক সহায়তা দেওয়া হবে।”
এর আগে সকালে নিহত মোশাররফ হোসেনের মরদেহ ঢাকায় এসে পৌঁছায় এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।



