ঈদের আগে শ্রমিক অসন্তোষ নেই, ন্যায্য পাওনা পরিশোধে সরকারের উদ্যোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৪:১৯ পিএম
ছবি : সংগৃহীত
ঈদের আগে সাধারণত গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ দেখা দিলেও এবার তা হয়নি। এর কারণ হিসেবে প্রবাসীকল্যাণ ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, শ্রমিকদের ন্যায্য পাওনা—বেতন ও বোনাস—পরিশোধ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও সম্পূর্ণ দেওয়া হয়েছে। সরকারের সদিচ্ছা ও জনপ্রতিনিধিদের সহযোগিতার কারণেই এবার প্রথমবারের মতো ঈদের আগে শ্রমিক অসন্তোষ দেখা যায়নি।”
মন্ত্রী জানান, শ্রমিকদের পাওনা পরিশোধে সরকারের পক্ষ থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। ফলে অন্যান্য বছরের তুলনায় এবার শ্রমিকরা ঈদের আগেই বেতন-ভাতা পেয়েছেন।
তিনি আরও বলেন, আগে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালু করতে ঈদের পর থেকে কাজ শুরু করবে সরকার। পাশাপাশি বিদেশগামী শ্রমিকদের দক্ষতা বাড়াতে ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে।
মধ্যপ্রাচ্যে সংঘাতের সময় প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে মন্ত্রী বলেন, সরকার শুধু দেশের শ্রমিক নয়, বিদেশে অবস্থানরত শ্রমিকদের কল্যাণেও কাজ করছে। কিছু দুষ্কৃতকারী প্রবাসীদের জিম্মি করে অর্থ আদায়ের চেষ্টা করছে, এ বিষয়ে সরকার ব্যবস্থা নিচ্ছে এবং পরিবারগুলোকে সতর্ক করা হচ্ছে।
দালালচক্রের কারণে শ্রমিক প্রতারণার শিকার হন উল্লেখ করে তিনি জানান, এ ধরনের প্রতারণা রোধে সরকার পদক্ষেপ নিচ্ছে।
ঈদযাত্রা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার, প্রশাসন, পরিবহণ শ্রমিক ও মালিকদের সমন্বিত প্রচেষ্টায় এবার মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেরেছে।



