ঈদুল ফিতরের ছুটিতেও জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৪:০৭ পিএম
ছবি : সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটির মধ্যেও গুলশানের বাসভবন থেকে জরুরি সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি বিভিন্ন সিটি করপোরেশনের কার্যক্রমের খোঁজখবরও নিচ্ছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, ছুটি শুরু হলেও প্রধানমন্ত্রী গুলশান এভিনিউ’র বাসভবন থেকে সরকারি কাজ পরিচালনা করছেন। তিনি সারা দেশে চলমান খাল খনন কর্মসূচির অগ্রগতি যাচাই করছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে কথা বলে কাজের গতি তদারকি করছেন।
এছাড়া সিটি করপোরেশনগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম দ্রুততর করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মেয়র ও প্রশাসকদের সঙ্গে যোগাযোগ রেখে কার্যক্রমের অগ্রগতি নিশ্চিত করছেন তিনি।
গতকাল মঙ্গলবার সরকারি ছুটি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেছেন। কৃষক কার্ড বাস্তবায়ন কমিটির সভা এবং মন্ত্রিসভার বৈঠকেও অংশ নিয়েছেন।
সরকারি ছুটি ১৭ মার্চ থেকে শুরু হয়ে ২৩ মার্চ পর্যন্ত চলবে।



