সার্বিকভাবে স্বস্তিদায়ক ঈদযাত্রা, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৪:০৫ পিএম
ছবি : সংগৃহীত
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, সার্বিকভাবে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক রয়েছে। তিনি বলেন, সব বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের যাত্রী ভোগান্তি বা অভিযোগ পাওয়া যায়নি। রাস্তায়ও বড় ধরনের যানজট নেই।
বুধবার (১৮ মার্চ) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, কয়েকটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে ২০-৩০ টাকা কমও নিচ্ছে। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পেলে পুলিশ বুথ থেকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাসগুলো যথাসময়ে ছেড়ে যাচ্ছে, ফলে যাত্রীদের কোনো ভোগান্তি নেই।
তিনি আরও বলেন, যাত্রীরা শৃঙ্খলার সঙ্গে ঢাকার বাইরে যাতায়াত করছেন এবং কোথাও বড় ধরনের বিঘ্নের খবর পাওয়া যায়নি।
জ্বালানি তেলের বিষয়ে মন্ত্রী জানান, ১৫ মার্চ রাত ১১টা থেকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে। গতকাল যমুনা সেতু দিয়ে ৩২ হাজার গাড়ি বেশি চলাচল করেছে। তিনি বলেন, “তারা তেল পেয়েছে বলেই যেতে পারছে। কেউ না পেলে অভিযোগ করতে পারবে। গণপরিবহনে ফুয়েলের কোনো ঘাটতি নেই।”



