ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তাবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৩:২৯ পিএম
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রায়ে বিএনপি সরকার গঠনের পরপরই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। আল্লাহর রহমতে আমরা ধারাবাহিকভাবে প্রতিশ্রুতি পূরণ করছি বলে তিনি মন্তব্য করেন।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত ও বিহার অধ্যক্ষদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা শ্রেণির জন্য সম্মানি, আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। নারীদের জন্য ইতোমধ্যে ফ্যামিলি কার্ড চালু হয়েছে, যা পর্যায়ক্রমে ৪ কোটি পরিবারে পৌঁছাবে। আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড চালু হবে এবং ১৬ মার্চ দিনাজপুর থেকে খালখনন কর্মসূচি শুরু হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে—ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা পাবেন। মন্দির, বিহার ও চার্চের জন্যও সম্মানি নির্ধারণ করা হয়েছে। এছাড়া ধর্মীয় উৎসবে বোনাস দেওয়ার ব্যবস্থাও থাকবে।
চলতি অর্থবছরে মার্চ-জুনে এ প্রকল্পে ২৭ কোটি ৫৭ লাখ টাকা প্রয়োজন হবে। প্রতি অর্থবছরে প্রায় ৪ হাজার ৪০০ কোটি টাকা ব্যয় হবে এবং চার বছরের ধারাবাহিকতায় এটি বাস্তবায়ন করা হবে। সম্মানি ব্যাংকের মাধ্যমে প্রদান করা হবে এবং পর্যায়ক্রমে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে চালু হবে।



