ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেন, “আজ থেকে আপনারা আর কোনো দলের নয়, আপনারা এই সংসদের স্পিকার।”
অধিবেশনের প্রথম সেশনে স্পিকার নির্বাচিত হন প্রবীণ সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার পদে শপথ নেন ব্যারিস্টার কায়সার কামাল। স্পিকার নির্বাচিত হওয়ার পর হাফিজ উদ্দিন আহমদ বিএনপির স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেন। তিনি জানান, স্পিকার একটি নিরপেক্ষ আসন, তাই নিরপেক্ষতা বজায় রাখতে তিনি দলীয় পদ ছাড়ছেন।
বিরতির পর স্পিকার হিসেবে তার প্রথম বক্তব্যে হাফিজ উদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদ হবে রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র।
অধিবেশনে বিরোধী দলের প্রধান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, “আজকের এই সংসদ চব্বিশের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা সংসদ। অতীতে সংসদ কার্যকর ছিল খুব কম সময়, বেশিরভাগ সময়ে এটি ছিল ডামি সংসদ।” তিনি আরও বলেন, “আপনি ইতোমধ্যে বিএনপি থেকে পদত্যাগ করেছেন। এখন আপনি সবার। আমরা আশা করি, আপনার কাছে সরকারি দল ও বিরোধী দল আলাদা কিছু হবে না।”



