ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে শোক প্রস্তাব গ্রহণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৩:২৮ পিএম
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতির পক্ষ থেকে এ শোক প্রস্তাব উত্থাপন করা হয়।
শোক প্রস্তাবে বলা হয়, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদান চিরস্মরণীয়। সংসদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে।
বাংলাদেশি নেতাদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্বের মৃত্যুতে শোক জানানো হয়। এ তালিকায় রয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
অধিবেশনে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সাবেক সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীসহ মোট ৩১ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। তাদের জীবনবৃত্তান্ত পাঠ করা হয় সংসদে। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন মতিয়া চৌধুরী, মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ, আবদুল্লাহ আল নোমান, মোস্তফা মোহসীন মন্টু, আব্দুল করিম খন্দকার এবং রমেশ চন্দ্র সেন।
শোক প্রস্তাব উত্থাপনের পর প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করে সংসদে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং সংসদ সচিবালয় জানিয়েছে, এর অনুলিপি সংশ্লিষ্ট পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।



