ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগে আগামী পাঁচ দিন ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১১ মার্চ) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এ পূর্বাভাস দেন।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। শুক্রবার (১৩ মার্চ) রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগে দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার (১৪ মার্চ) সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
রোববার (১৫ মার্চ) সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।



