যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতায় উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৪:২৮ পিএম
ছবি : সংগৃহীত
ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংকটকে কেন্দ্র করে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সাত সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।
সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, অর্থমন্ত্রীকে সভাপতি করে গঠিত এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং খাদ্যমন্ত্রী।
কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণ করে বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব নিরূপণ করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা অনুষ্ঠিত হবে। এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে অর্থ বিভাগ।



