মোটরসাইকেল চালকদের সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি সরবরাহের সিদ্ধান্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১২:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা মহানগরীতে মোটরসাইকেল চালকদের জন্য দৈনিক সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। মঙ্গলবার (১০ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে নিয়মিত আমদানি কার্যক্রম চলছে। পাশাপাশি সারাদেশে ডিপোতে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে জ্বালানি পাঠানো হচ্ছে। জনগণের চাহিদা অনুযায়ী সরবরাহ সমুন্নত রাখতে কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, রাইড শেয়ারিংয়ের সঙ্গে যুক্ত মোটরসাইকেল চালকরা দৈনিক সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল নিতে পারবেন। এ ক্ষেত্রে কিছু শর্তও দেওয়া হয়েছে। যেমন— ফিলিং স্টেশন থেকে জ্বালানি নেওয়ার সময় রাইড শেয়ারিং অ্যাপে তেলের ধরণ, পরিমাণ ও মূল্য উল্লেখ করে ক্রয় রশিদ দিতে হবে। প্রতিবার জ্বালানি নেওয়ার সময় পূর্ববর্তী রশিদ জমা দিতে হবে এবং মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ও চালকের তথ্য যাচাই করে তেল সরবরাহ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি বিক্রয় বাধ্যতামূলক। অতিরিক্ত মূল্য আদায় আইনত অপরাধ। বর্তমান সংকটময় পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। তাই ভোক্তা ও ফিল্ডারদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।



