ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ) থেকে মেডিকেল কলেজগুলোর সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।
সোমবার (৯ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন গণমাধ্যমকে জানান, আসন্ন ঈদুল ফিতরের ছুটির পর স্থগিত হওয়া ক্লাস ও পরীক্ষা পুনরায় শুরু হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান জানিয়েছেন, এ বিষয়ে আনুষ্ঠানিক নোটিশ জারি করা হয়েছে। জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতেই সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে রোববার শিক্ষা মন্ত্রণালয় একই কারণে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছিল। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় জরুরি, এজন্য বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।
এই সিদ্ধান্তে দেশের উচ্চশিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হলেও সংকট মোকাবেলায় জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।



