দুবাইয়ে নিহত প্রবাসী আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০১:৪২ পিএম
ছবি : সংগৃহীত
ইরান-ইসরায়েল যুদ্ধের ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৯ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস ইকে ৫৮২ নম্বর ফ্লাইটে তার মরদেহ ঢাকায় আসে।
ঢাকা বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এ সময় দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, মরদেহ ঢাকায় গ্রহণের পর সিলেটের মৌলভীবাজারে নিজ বাসভবনে পৌঁছানো পর্যন্ত সার্বিক সহযোগিতা করা হবে। বিমানবন্দর কার্যক্রম শেষে মরদেহ বিমানে করে মৌলভীবাজারে নেওয়া হবে।
আহমেদ আলী দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করছিলেন। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানেই তাকে সমাহিত করা হবে।



