খালেদা জিয়া ছিলেন সাহস ও অদম্যতার অনুপ্রেরণা: ডা. জোবাইদা রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০১:২৮ পিএম
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাহস ও অদম্যতার অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন ডা. জোবাইদা রহমান। রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডা. জোবাইদা রহমান বলেন, শত অত্যাচার ও প্রতিকূলতার মাঝেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল। তিনি আমাদের জন্য সাহসের প্রতীক। আমরা বিশ্বাস করি, নারী এগিয়ে গেলে জাতি প্রকৃত অর্থে এগিয়ে যায়। তিনি আরও বলেন, আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে প্রতিটি নারী পূর্ণ নিরাপত্তা পাবেন। এবারের নারী দিবস হোক সাম্যতা, ন্যায্যতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াসহ ছয় নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হয়। খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।
এ ছাড়া অর্থনৈতিক সাফল্যে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরিক্ষেত্রে মোছা. ববিতা খাতুন, সফল জননী হিসেবে নুরবানু কবীর, নির্যাতন জয়ী নারী হিসেবে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিনকে সম্মাননা দেওয়া হয়।
আয়োজকদের মতে, এ ধরনের স্বীকৃতি নারীর সংগ্রাম, নেতৃত্ব ও অবদানের গল্পকে জনসাধারণের সামনে তুলে ধরে এবং দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



