‘অদম্য নারী’ পুরস্কারে ভূষিত বেগম খালেদা জিয়া, পুরস্কার নিলেন জাইমা রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০১:০১ পিএম
ছবি : সংগৃহীত
নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মরণোত্তর ‘অদম্য নারী’ পুরস্কার পেয়েছেন। নারী দিবস উপলক্ষে রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।
এছাড়া আরও কয়েকজন নারী তাদের নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন। অর্থনৈতিক ক্ষেত্রে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরিক্ষেত্রে মোছা. ববিতা খাতুন, সফল জননী হিসেবে নুরবানু কবীর, নির্যাতন জয়ী নারী হিসেবে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিনকে সম্মাননা দেওয়া হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই পুরস্কার নারীর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আয়োজকরা জানিয়েছেন। বিশেষ করে নারীর সংগ্রাম, নেতৃত্ব ও অবদানের গল্পকে জনসাধারণের সামনে তুলে ধরতে এ ধরনের স্বীকৃতি তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।



