ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি আমদানিতে অনিশ্চয়তা তৈরি হলেও চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮টি জাহাজ। রোববার (৮ মার্চ) সকালে জাহাজগুলো বন্দরে নোঙর করে। জানা গেছে, এগুলো ২৮ ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালি অতিক্রম করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।
হরমুজ প্রণালি বন্ধ হওয়ার আগে পারস্য উপসাগরীয় দেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১০টি জাহাজ চট্টগ্রামে পৌঁছাতে শুরু করেছে। এর মধ্যে চারটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), দুটিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং বাকিগুলোতে ডিজেলসহ বিভিন্ন ধরনের জ্বালানি পণ্য রয়েছে। সব মিলিয়ে এ ১০টি জাহাজে প্রায় পৌনে ৪ লাখ টন তেল-গ্যাস বহন করা হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার পর হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা দেখা দেয়। ফলে বিশ্বজুড়ে তেল ও এলএনজি সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ ঝুঁকির মুখে পড়ে। বাংলাদেশের জ্বালানি আমদানির বড় অংশ এই প্রণালি হয়ে আসে।
এমন পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী জাহাজ আসা নিয়ে আলোচনা চলছে। বৈশ্বিক বাজারে সরবরাহ সংকটের আশঙ্কায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত শুক্রবার জ্বালানি তেল বিক্রির সীমা নির্ধারণ করেছে।



