নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সব মন্ত্রণালয়কে সরকারের চিঠি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অঙ্গীকার বাস্তবায়নে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছে সরকার। এ লক্ষ্যে সম্প্রতি ৫১টি মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সরকার জানিয়েছে, নির্বাচনে জনগণের সমর্থন পাওয়া দল বিএনপির ইশতেহারে উল্লেখিত প্রতিশ্রুতি অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধানমন্ত্রী নির্দেশনা দেন যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থনপ্রাপ্ত দলের নির্বাচনি ইশতেহার এখন জাতীয় অঙ্গীকারে পরিণত হয়েছে এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ তাদের আওতাধীন খাতে সুনির্দিষ্ট স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করবে এবং তা বাস্তবায়নের উদ্যোগ নেবে। পাশাপাশি জাতীয় প্রতিশ্রুতি (নির্বাচনি ইশতেহার-২০২৬) বাস্তবায়নের লক্ষ্যে গৃহীত কর্মপরিকল্পনার বিস্তারিত তথ্য মন্ত্রিপরিষদ বিভাগকে জানাতে সচিব ও সিনিয়র সচিবদের অনুরোধ করা হয়েছে।
সরকার আশা করছে, সমন্বিত পরিকল্পনা ও বাস্তবভিত্তিক উদ্যোগের মাধ্যমে জাতীয় পর্যায়ের প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।



