রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ চেয়ে লিগ্যাল নোটিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪ এএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণার দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
ভোলার আব্দুল্লাহ আল মাহমুদের পক্ষে আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) নোটিশটি পাঠান। এতে মন্ত্রিপরিষদ সচিব এবং আইন, বিচার ও সংসদবিষয়ক সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
নোটিশে বলা হয়, সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি ‘জুলাইয়ের স্পিরিট’কে অসম্মান করেছেন বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় তিনি আর সাংবিধানিকভাবে ওই পদে থাকার নৈতিক ও আইনগত ভিত্তি হারিয়েছেন বলে দাবি করা হয়।
এছাড়া ২০২৪ সালে অনুষ্ঠিত ‘ডামি নির্বাচন’ নামে পরিচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তার মেয়াদকালেই হয়েছে উল্লেখ করে বলা হয়, এতে তিনি শপথ ভঙ্গ করেছেন।
লিগ্যাল নোটিশে আরও বলা হয়েছে, দ্রুত নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা করতে হবে এবং তাঁকে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উদ্বোধনী ভাষণ দেওয়াতে হবে।
নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে এ বিষয়ে উচ্চ আদালতে রিট দায়ের করা হবে বলেও জানানো হয়েছে।



