Logo
Logo
×

জাতীয়

মোহাম্মদপুর এলাকায় ছাত্রজীবনে আমিও ছিনতাইয়ের শিকার হয়েছিলাম: আইজিপি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭ এএম

মোহাম্মদপুর এলাকায় ছাত্রজীবনে আমিও ছিনতাইয়ের শিকার হয়েছিলাম: আইজিপি

রাজধানীর মোহাম্মদপুর এলাকাকে ‘অপরাধপ্রবণ’ হিসেবে উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, বিশ্ববিদ্যালয় জীবনে ১৯৮৬ সালে তিনি নিজেও এ এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছিলেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের সময় মোহাম্মদপুরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, ছাত্রাবস্থায় এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পসংলগ্ন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরেই এ এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়ে আসছে। ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে।

তিনি জানান, অপরাধ নিয়ন্ত্রণে ইতোমধ্যে বিশেষ নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। কিশোর গ্যাং, ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে নিয়মিত টহল এবং বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ।

রাজধানীর সার্বিক পরিস্থিতি নিয়ে আইজিপি বলেন, ফুটপাত দখলের পর এখন অনেক জায়গায় সড়কও দখলের শিকার হচ্ছে, এতে জনসাধারণের চলাচল ব্যাহত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে অর্থনীতি ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয় বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশপ্রধান আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা রক্ষায় তৎপরতা বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে। তিনি বলেন, সাধারণ মানুষ পুলিশের পাশে রয়েছে। অপরাধী যে-ই হোক, কঠোরভাবে দমন করা হবে। হোয়াইট-কলার অপরাধীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন