১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের কৃষিঋণ মওকুফ করল সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম
ছবি : সংগৃহীত
মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বড় স্বস্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ (সুদসহ) মওকুফ করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি খাতকে চাঙ্গা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ বকেয়া রয়েছে, তাদের আসল ও সুদ উভয়ই মওকুফ করা হবে। এতে প্রায় ১২ লাখ কৃষক সরাসরি উপকৃত হবেন।
সরকারি হিসাব অনুযায়ী, এ সিদ্ধান্তে মোট ১ হাজার ৫৫০ কোটি টাকার ঋণভার থেকে মুক্তি পাবেন কৃষকরা। মূলত যারা ক্ষুদ্র অংকের ঋণ নিয়ে পরিশোধে ব্যর্থ হচ্ছিলেন, তাদের কথা বিবেচনা করেই এ ছাড় দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকসহ বেসরকারি ব্যাংকগুলোর কাছে কৃষকদের সুদসহ প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা পাওনা রয়েছে, যা এবার মওকুফের আওতায় আসবে।
উল্লেখ্য, এর আগে ১৯৯১-৯৬ মেয়াদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার ৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করেছিল।



