বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যোগ দিলেন মোস্তাকুর রহমান
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম
বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছালে কর্মকর্তা–কর্মচারীরা তাকে স্বাগত জানান।
প্রথম কর্মদিবসে কেন্দ্রীয় ব্যাংকের প্রবেশমুখে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নতুন গভর্নর বলেন, এসেছি, কাজ শুরু করি, তারপর কথা বলা যাবে। বক্তব্যে স্পষ্ট ছিল, আনুষ্ঠানিকতার চেয়ে কার্যক্রমেই তার অগ্রাধিকার।
কথার চেয়ে কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চান বলেও ইঙ্গিত দেন তিনি। দায়িত্ব নেওয়ার দিন থেকেই কেন্দ্রীয় ব্যাংকের চলমান কার্যক্রম, নীতি ও তদারকিতে সক্রিয় ভূমিকা রাখার প্রস্তুতির বার্তা দিয়েছেন।
এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়–এর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে সাবেক গভর্নর আহসান এইচ মনসুর–কে অপসারণ করে মোস্তাকুর রহমানকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নতুন গভর্নরের সামনে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আর্থিক খাতে শৃঙ্খলা জোরদারের মতো বড় চ্যালেঞ্জ রয়েছে। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, নীতিনির্ধারণ ও তদারকিতে কার্যকর পদক্ষেপের মাধ্যমে তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রতি আস্থা আরও সুদৃঢ় করবেন।



