বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। এবারের প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বেলা ২টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী আনুষ্ঠানিকতার পর সবার জন্য খুলে যাবে বইমেলার দ্বার।
এবারের মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত, মোট ১৮ দিন। ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর প্রবেশ বন্ধ থাকবে।
বাংলা একাডেমির তথ্যমতে, এবারের মেলায় অংশ নিচ্ছে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান থাকবে। মোট ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ১৮টি। সোহরাওয়ার্দী উদ্যানে উন্মুক্ত মঞ্চসংলগ্ন গাছতলায় লিটল ম্যাগাজিন চত্বরে ৮৭টি লিটল ম্যাগাজিনের স্টল থাকছে। শিশু চত্বরে অংশ নিচ্ছে ৬৩টি প্রতিষ্ঠান।
প্রতিদিন বেলা ৩টায় বইমেলার মূল মঞ্চে বিষয়ভিত্তিক সেমিনার এবং বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতি শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত থাকবে ‘শিশুপ্রহর’। এছাড়া শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার আয়োজন থাকছে। নতুন বইয়ের মোড়ক উন্মোচনের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।
মেলাকে পরিবেশবান্ধব ও ‘জিরো ওয়েস্ট’ করতে পলিথিনমুক্ত আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রমজান মাস উপলক্ষে মুসল্লিদের জন্য তারাবি নামাজের ব্যবস্থাও থাকবে।
নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে ঢাকা মহানগর পুলিশ। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার বলেন, এবারের বইমেলা ঘিরে ‘মব’ সৃষ্টির কোনো আশঙ্কা নেই। তারপরও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় যথাযথ প্রস্তুতি রাখা হয়েছে।
বইমেলাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও রাজু ভাস্কর্য সংলগ্ন সড়কে ভারী যান চলাচল বন্ধ থাকবে। টিএসসি-দোয়েল চত্বর সড়ক প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করা হবে এবং তিন নেতার মাজার পর্যন্ত ব্যারিকেড থাকবে। দর্শনার্থীদের জন্য মুহসীন হল মাঠ, ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
এদিকে আজ বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ দেশের কৃতী ব্যক্তিদের হাতে ‘একুশে পদক-২০২৬’ তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।



