সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৯ পিএম
সেনাবাহিনীর মনোবল ধ্বংস করতেই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনো বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থান-এ জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ২০০৯ সালের এই দিনে তৎকালীন বিডিআর সদর দপ্তরে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ প্রায় ৭২ জন কর্মকর্তা-কর্মচারীকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনাকে তিনি জাতির ইতিহাসে এক লজ্জাজনক ও কলঙ্কিত অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তার মতে, ওই দিন দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করার গভীর চক্রান্ত ছিল এবং সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
তিনি বলেন, তবে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দেশের জনগণ ঘুরে দাঁড়িয়েছে। নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্বাধীনতার সার্বভৌমত্ব সুসংহত ও গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সবশেষে তিনি শহীদ সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করেন।



