চট্টগ্রামের গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩২ পিএম
চট্টগ্রামের হালিশহরে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সামির আহমেদ সুমন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৫৫ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সুমনের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল এবং তিনি ইনহেলেশন ইনজুরিতে আক্রান্ত ছিলেন। সকাল ১১টা ৫৫ মিনিটে আইসিইউতে তার মৃত্যু হয়।
এর আগে একই ঘটনায় নুরজাহান আক্তার ও তার ছেলে শাওনের মৃত্যু হয়। সর্বশেষ সুমনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।
বর্তমানে দগ্ধ আরও ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।



