সরকারি কর্মকর্তাদের সময়মতো অফিসে উপস্থিতির নির্দেশ আইন মন্ত্রণালয়ের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ পিএম
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিত থাকার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (প্রশাসন) কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, আইন ও বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রণীত ‘নিয়মিত উপস্থিতি বিধিমালা, ২০১৯’-এর আলোকে বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি, বিনা অনুমতিতে অফিস ত্যাগ এবং বিলম্বে অফিসে উপস্থিতি অফিস শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
এ অবস্থায় সব কর্মকর্তা-কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে বলা হয়েছে। অফিস সময় শেষ হওয়ার আগে কেউ দপ্তর ত্যাগ করতে পারবেন না। রমজান মাসে অফিস শেষ হবে বিকেল সাড়ে ৩টায় এবং রমজান-পরবর্তী সময়ে বিকেল ৫টায়।
অফিস চলাকালীন দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধানের অনুমতি নিতে হবে এবং অফিস ত্যাগের রেজিস্টারে এন্ট্রি দিতে হবে। পাশাপাশি ডিজিটাল হাজিরা প্রদান করে অফিস ত্যাগ করতে হবে।
কোনো কর্মকর্তা-কর্মচারী যদি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকেন, অফিস ত্যাগ করেন বা বিলম্বে উপস্থিত হন, তবে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।



