চীন, ভারত ও পাকিস্তানের দূতদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২১ পিএম
ঢাকায় নিযুক্ত চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতরা রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। পৃথক বৈঠকে তিন দেশের কূটনীতিকরা নতুন দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতা গভীর করতে চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ-চীন ‘কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক কো-অপারেটিভ পার্টনারশিপ’ আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসনে চীনের জোরালো ভূমিকা কামনা করেন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চীনের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে তাকে বেইজিং সফরের আমন্ত্রণ জানান।
ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ভারতের প্রস্তুতির কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক স্বার্থ ও শ্রদ্ধার ভিত্তিতে একটি দূরদর্শী ও ভারসাম্যপূর্ণ অংশীদারত্ব গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। উভয় পক্ষ নিয়মিত ও গঠনমূলক যোগাযোগ বজায় রাখতে সম্মত হন। হাইকমিশনার ভার্মা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর–এর পক্ষ থেকে দিল্লি সফরের আমন্ত্রণ পৌঁছে দেন।
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার দ্বিপক্ষীয় সহযোগিতা বিস্তৃত করতে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। ড. খলিলুর রহমান দক্ষিণ এশিয়ার দেশগুলোর জনগণের কল্যাণে আঞ্চলিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের অগ্রাধিকারের বিষয়টি তুলে ধরেন এবং নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করেন।



