১২ মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৬ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ বসবে। ওই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাতীয় সংসদের অধিবেশন আহ্বানের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়েছে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতিকে অধিবেশন আহ্বানের প্রজ্ঞাপন অধিবেশন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়। এ সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। পরে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করবেন। ইতোমধ্যে ১২ মার্চ তারিখ নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রথম অধিবেশনের সম্ভাব্য কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে। অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন ছাড়াও অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। পাশাপাশি সংসদের নিয়মিত কার্যক্রম পরিচালিত হবে।
রাজধানীর আদাবরে একটি কার্যালয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের একটি তথ্য তাদের কাছেও এসেছে। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে এবং তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।



