বাংলাকে ধারণ করতে হলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না: বিদ্যুৎমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম
ছবি : সংগৃহীত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাকে ধারণ করতে হলে এবং মায়ের ভাষা হিসেবে সম্মান জানাতে হলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না। তিনি বলেন, ইনকিলাব জিন্দাবাদ কিংবা ইনকিলাব মঞ্চের সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী টুকু বলেন, ব্রিটিশরা এ দেশে শোষণ চালানোর জন্য রাষ্ট্রভাষাকে চেপে ধরেছিল। ১৯৫২ সালে যারা জীবন দিয়েছেন, তারাই ভাষা রক্ষার বীজ বপন করেছেন। তরুণ প্রজন্মকে ভাবতে হবে, না হলে জাতীয়তাবোধ দুর্বল হয়ে পড়বে।
তিনি আরও বলেন, নিজের ভাষাকে যথাযথভাবে না জানার কারণে জাতীয়তাবোধ গড়ে ওঠেনি। নিজের ভাষা ও দেশকে গড়ে তুলতে হবে আমাদেরকেই, অন্য কেউ এসে তা গড়ে দেবে না।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিএনপির জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু উপস্থিত ছিলেন।



