ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেবে বিএনপি সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবসহ ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা প্রদানের উদ্যোগ নিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। তবে ভাতার পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। ঈদুল ফিতরের আগেই কয়েকটি এলাকায় এ কার্যক্রম শুরু হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেইটে উপদেষ্টা মাহদী আমিন সাংবাদিকদের এ তথ্য জানান। স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলমকে পাশে রেখে তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা প্রদান। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় সরকার প্রাথমিকভাবে এ কর্মসূচি চালু করছে, যা পর্যায়ক্রমে সারাদেশে বিস্তৃত হবে।
কত টাকা সম্মানী ভাতা দেওয়া হবে জানতে চাইলে মাহদী আমিন বলেন, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে তা চূড়ান্ত করা হবে।
এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, শনিবার ছিল তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। তিনি তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিস করেছেন এবং মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে নীতিগত বিষয় নিয়ে আলোচনা করেছেন। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী বেশকিছু দিকনির্দেশনা দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।



