একুশে ফেব্রুয়ারি ঘিরে ১৫ হাজার পুলিশ মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩২ পিএম
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং গ্রহণ করা হয়েছে বহিস্তর নিরাপত্তাব্যবস্থা।
শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রিয়করণ দল ও অপরাধস্থল তদন্ত ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার তৎপরতাও জোরদার করা হয়েছে।
ডিএমপি কমিশনার জানান, মহান শহীদ দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যাপক জনসমাগম হবে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকেরাও দায়িত্ব পালন করবেন। তিনি শৃঙ্খলা বজায় রেখে এবং শহীদ মিনারের পবিত্রতা অক্ষুণ্ন রেখে শ্রদ্ধা জানানোর আহ্বান জানান।
সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং কোথাও নিরাপত্তা সমস্যা দেখা যায়নি। অমর একুশের অনুষ্ঠানেও তেমন কোনো শঙ্কা নেই বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, নিরাপত্তা ব্যবস্থা শুধু শহীদ মিনার এলাকায় সীমাবদ্ধ থাকবে না; ঢাকা মহানগরজুড়েই তা কার্যকর থাকবে।
একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বিদেশি কূটনীতিকেরা শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন। এরপর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে প্রাঙ্গণ।
সাধারণের প্রবেশের জন্য পলাশীর মোড় থেকে জগন্নাথ হল ক্রসিং হয়ে নির্ধারিত পথ ব্যবহার করতে বলা হয়েছে। অন্য কোনো পথ ব্যবহার করা যাবে না। শ্রদ্ধা নিবেদন শেষে রোমানা ক্রসিং হয়ে দোয়েল চত্বর বা চানখাঁরপুল দিয়ে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপি কমিশনার সতর্ক করে বলেন, কেউ যেন ধারালো অস্ত্র, দাহ্য বা বিস্ফোরক দ্রব্য বহন না করেন। নির্ধারিত পথ ব্যবহার ও শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং শ্রদ্ধা নিবেদন শেষে অন্যদের সুযোগ দিতে হবে। নিরাপত্তার স্বার্থে শুক্রবার সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশপথে যান চলাচলে ডাইভারশন কার্যকর থাকবে।
এদিকে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আনিছুর রহমান জানান, শাহবাগ, নীলক্ষেত, শহীদুল্লাহ হল, হাইকোর্ট, চানখাঁরপুল, পলাশী ও বকশীবাজার ক্রসিং এলাকায় ট্রাফিক ডাইভারশন কার্যকর থাকবে।



