Logo
Logo
×

জাতীয়

আট উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ পিএম

আট উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’

ছবি : সংগৃহীত

দেশের আটটি বিভাগের আটটি উপজেলায় পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহ্দী আমিন, মন্ত্রিপরিষদ সচিবসহ সাতটি মন্ত্রণালয়ের সচিব।

এই কমিটি মূলত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য একটি উপযুক্ত নকশা তৈরি করবে এবং সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি নির্ধারণ করবে। প্রাথমিক পর্যায়ে দেশের আটটি বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলা নির্বাচন করে সেখানে কার্ড বিতরণ শুরু হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নারীদের জন্য বিদ্যমান কর্মসূচিগুলোকে ফ্যামিলি কার্ডের ভিত্তি হিসেবে ব্যবহার করা যায় কি না, তা কমিটি পর্যালোচনা করবে। পাশাপাশি জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজের মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করে একটি ডিজিটাল এমআইএস তৈরির সুপারিশ করা হবে।

আসন্ন ঈদুল ফিতরের আগে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সেই লক্ষ্যে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে কমিটিকে একটি প্রাথমিক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রয়োজন অনুসারে কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সাচিবিক সহায়তা দেবে। প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষমতাও রাখবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন