ছবি : সংগৃহীত
পবিত্র রমজানের প্রথম দিনেই রাজধানীর বাজারে মুরগির মাংসের দাম বেড়েছে। জাতভেদে কেজিপ্রতি দাম বৃদ্ধি পেয়েছে ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। দেশি মুরগির দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ টাকা, সোনালি মুরগি ৩০০ থেকে ৩৪০ টাকা এবং লাল লেয়ার মুরগি ৩৩০ টাকা কেজি।
ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সপ্তাহখানেক আগে ব্রয়লার মুরগি ছিল ১৮০ টাকা কেজি, দেশি মুরগি ৫৮০ থেকে ৬৮০ টাকা এবং লাল মুরগি ২৮০ টাকা। বর্তমানে সব ধরনের মুরগির দামই বেড়েছে।
এছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৮০০ টাকা কেজি এবং খাশির মাংস ১২০০ থেকে ১২৫০ টাকা কেজি দরে। বাজারে লেবু বিক্রি হচ্ছে হালি ৬০ থেকে ১২০ টাকা, শশা ১০০ থেকে ১২০ টাকা কেজি, বেগুন ১০০ থেকে ১২০ টাকা কেজি, আলু ২০ টাকা এবং পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে।
রমজানের শুরুতেই নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতারা ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ করেছেন।



