দ্রুত স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা কার্যক্রম: অনিরুদ্ধ দাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫০ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরতে পারে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। তিনি বলেন, বর্তমানে সীমিত পরিসরে চালু থাকা ভিসা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, বর্তমানে মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা চালু থাকলেও পর্যটনসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা বন্ধ রয়েছে। তবে এসব ভিসা পুনরায় চালুর জন্য জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সব ধরনের ভিসা কার্যক্রম দ্রুতই স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছিল। মেডিকেল ভিসা ছাড়া অধিকাংশ ভিসা বন্ধ থাকলেও নতুন সরকার গঠনের পর পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে অনিরুদ্ধ দাস বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে প্রতিষ্ঠিত। জনগণই এই ইতিবাচক ও দীর্ঘমেয়াদি সম্পর্কের মূল অংশীদার। ঐতিহাসিকভাবে দুই দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান বলেও তিনি উল্লেখ করেন।



