নতুন মন্ত্রিসভায় তিন টেকনোক্র্যাট সদস্য অন্তর্ভুক্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় তিনজন টেকনোক্র্যাট সদস্য অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তারা শপথ নেবেন।
মোট ৫০ সদস্যের এই মন্ত্রিসভায় তারেক রহমান ছাড়া থাকছেন ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। সংসদ সচিবালয় ও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, পূর্ণমন্ত্রীদের মধ্যে দুজন এবং প্রতিমন্ত্রীদের মধ্যে একজন টেকনোক্র্যাট কোটায় শপথ নেবেন।
পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পাওয়া দুই টেকনোক্র্যাট সদস্য হলেন খলিলুর রহমান এবং আমিনুর রশিদ হাজী ইয়াসিন। এর মধ্যে খলিলুর রহমান পূর্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ হাজী ইয়াসিনকে সংসদ সচিবালয় থেকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে তারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
প্রতিমন্ত্রীদের তালিকায় টেকনোক্র্যাট হিসেবে স্থান পেয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক। সদ্য সমাপ্ত নির্বাচনে তিনি ঢাকা-১৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।
এর আগে সকালে সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ সম্পন্ন করেছেন। বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শপথ নেবেন।



