ছবি : সংগৃহীত
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাসে নতুন সময়সূচি অনুযায়ী চলবে রাজধানীর দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল। এ সময় যাত্রীরা ইফতারের জন্য সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়েছে, রমজান মাসের অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে মেট্রোরেল চলাচল করবে।
নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং শেষ ট্রেন রাত সাড়ে ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে। ট্রেনের হেডওয়ে সময় সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে ৫ থেকে ২০ মিনিটের মধ্যে পরিবর্তিত হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ইফতারের সময় পানি পান করার জন্য যাত্রীরা শুধুমাত্র ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং ব্যবহৃত বোতল অবশ্যই নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে। কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স বা মেট্রোরেলের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।
এছাড়া শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে।



