নতুন প্রধানমন্ত্রীর জন্য বাসভবনের অনুসন্ধান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১ পিএম
ছবি- সংগৃহীত
বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। মঙ্গলবার তিনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
নির্বাচনের আগে থেকেই অন্তর্বর্তী সরকার নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণে উদ্যোগ নেয়। কয়েকটি সম্ভাব্য স্থান বিবেচনায় নেওয়া হলেও শেষ পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যমুনা ছাড়ার পর সেটি সংস্কার করে নতুন প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হবে।
এর আগে গণভবনকে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়ার পর নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণে একটি পৃথক কমিটি গঠন করা হয়েছিল। কমিটি শেরেবাংলা নগরের সংসদ ভবন এলাকার স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকা বিবেচনায় নিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচিত সরকারের ওপরই ছেড়ে দেওয়া হয়।



