ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যানবাহন চলাচলে বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এর অংশ হিসেবে আজ (১৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত পর্যন্ত সারাদেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে মোটরসাইকেল ছাড়া অন্যান্য যানবাহন নির্ধারিত শর্তে চলাচল করতে পারবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব আল-আমিন মো. নুরুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোটের দিনকে কেন্দ্র করে ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টা ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা জারি ছিল।
এছাড়া ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষকদের যানবাহন; জরুরি সেবায় নিয়োজিত গাড়ি; ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহন; সংবাদপত্র বহনকারী যানবাহন; বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রী ও তাদের স্বজনদের গাড়ি টিকিট প্রদর্শন সাপেক্ষে; এবং দূরপাল্লার যাত্রী পরিবহন বা সংশ্লিষ্ট স্থানীয় যাতায়াতের যানবাহন এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টের জন্য একটি করে ছোট যানবাহন রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলাচলের সুযোগ পাবে। সাংবাদিক, পর্যবেক্ষক ও জরুরি প্রয়োজনে ব্যবহৃত যানবাহন এবং মোটরসাইকেল নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদন নিয়ে চলাচল করতে পারবে।
নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী বা অন্য অনুমোদিত ব্যক্তির মোটরসাইকেলও নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে চলাচল করতে পারবে। টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনায় নিয়ে বিটিআরসি ও এর লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর যানবাহনও নিষেধাজ্ঞার ক্ষেত্রে শিথিলযোগ্য থাকবে।
এছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর, আন্তঃজেলা ও মহানগরে প্রবেশ ও বহির্গমনের গুরুত্বপূর্ণ সড়কসহ সংশ্লিষ্ট রাস্তাগুলোতে প্রয়োজনে শিথিলের ব্যবস্থা নেওয়া যাবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্বাচন ও গণভোট উপলক্ষে উল্লিখিত যানবাহন ছাড়া অন্যান্য যানবাহনের ওপর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের অর্পণ করা হয়েছে।



