Logo
Logo
×

জাতীয়

ভোটের আগে ঢাকা রেলস্টেশনে বাড়িমুখী মানুষের ঢল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম

ভোটের আগে ঢাকা রেলস্টেশনে বাড়িমুখী মানুষের ঢল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর ২৪ ঘণ্টাও বাকি নেই। ভোট দিতে নিজ নিজ এলাকায় ফিরতে রাজধানীর প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে নেমেছে মানুষের ঢল। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম, প্রবেশপথ ও টিকিট কাউন্টারের সামনে ছিল উপচে পড়া ভিড়।

কোচের আসনের টিকিট আগেই শেষ হয়ে গেলেও যাত্রীচাপ কমেনি। অনেক ট্রেনে ভেতরে দাঁড়ানোরও জায়গা ছিল না। ঝুঁকি জেনেও অতিরিক্ত যাত্রীদের অনেকে ট্রেনের ছাদে উঠে গন্তব্যে রওনা হয়েছেন। সকালে সিলেটগামী পারাবত এক্সপ্রেস টঙ্গী অতিক্রম করার সময় ইঞ্জিন থেকে শেষ কোচ পর্যন্ত ছাদে যাত্রী দেখা গেছে—এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একই চিত্র দেখা গেছে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেসেও।

সব টিকিট অনলাইনে বিক্রি হলেও কাউন্টারের সামনে দীর্ঘ লাইন দেখা যায়। শত শত মানুষ টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন। কেউ কেউ স্ট্যান্ডিং টিকিট পেলেও অনেকে সেটিও সংগ্রহ করতে পারেননি।

ভিড় ও ভোগান্তির মধ্যেও প্ল্যাটফর্মজুড়ে ছিল এক ধরনের উৎসবমুখর পরিবেশ। কেউ একা, কেউ পরিবার-পরিজন নিয়ে, আবার কেউ বন্ধুদের সঙ্গে গল্প করতে করতেই ট্রেনের অপেক্ষায় ছিলেন। অনেকের চোখেমুখে ছিল প্রথমবার ভোট দেওয়ার উচ্ছ্বাস।

জামালপুর এক্সপ্রেসের যাত্রী রাশেদুল হাসান বলেন, আমি প্রথমবার ভোট দিতে যাচ্ছি। বিষয়টি আমার কাছে খুবই আনন্দের। তাই আগেই টিকিট কেটে রেখেছিলাম।

রংপুর এক্সপ্রেসের যাত্রী জুবায়ের রহমান বলেন, অনেক বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। ভোট একটি উৎসবের মতো। পরিবর্তনের আশায় আমরা ভোট দিতে চাই।

স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) দায়িত্ব পালন করছে। প্ল্যাটফর্মে প্রবেশের আগে যাত্রীদের ব্যাগ স্ক্যানিং, টিকিট যাচাই ও ডিজিটাল স্ক্যানিংয়ের মাধ্যমে স্টেশনে ঢোকানো হচ্ছে।

যাত্রীচাপের বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক সাজেদুল ইসলাম জানান, গত তিনদিন ধরেই বাড়তি যাত্রীর চাপ লক্ষ্য করা যাচ্ছে। ভোট উপলক্ষ্যে দীর্ঘ ছুটি থাকায় যাত্রীসংখ্যা কয়েকগুণ বেড়েছে।

তিনি আরও বলেন, রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ বাতিল করে গতকাল ও আজ ট্রেনটি চালানো হচ্ছে। বুধবার ঢাকা থেকে ৪৩টি আন্তঃনগর এক্সপ্রেস এবং ২৬টি মেইল ও লোকাল কমিউটার ট্রেন চলাচল করছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন