প্রেসক্লাবের শৌচাগার থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৪ পিএম
রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে দৈনিক দিনকাল পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদ (৭০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ধারণা, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।
মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর ছেলে আলী আব্দুল্লাহ তাসভীর জানান, আলী মামুদ সোমবার সকাল ১১টায় বাসা থেকে বের হয়ে দুপুরে প্রেসক্লাবে যান। রাত ১২টা বেজে গেলেও তিনি বাসায় ফেরেননি এবং সহকর্মীদের ফোনেও কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরবর্তীতে মঙ্গলবার সকাল ৭টার দিকে প্রেসক্লাবের এক অফিস সহকারী শৌচাগারের দরজা ভেতর থেকে বন্ধ দেখেন। দরজা ভেঙে ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
মৃত্যুর কারণ নিয়ে স্ত্রী জেসমিন আরা বলেন, ১২ বছর আগে তাঁর স্বামীর ওপেন হার্ট সার্জারি হয়েছিল, তাই হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু সম্ভব বলে মনে করছেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আলী মামুদ দুই ছেলে ও এক মেয়ের জনক এবং বাড়ি রাজশাহীর পবা উপজেলার ভীমের ডাইং গ্রামে।



