Logo
Logo
×

জাতীয়

নির্বাচনে যেকোনো অস্ত্রই হুমকি: আইজিপি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৯ পিএম

নির্বাচনে যেকোনো অস্ত্রই হুমকি: আইজিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অস্ত্রকেই নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, বৈধ বা অবৈধ— যেকোনো অস্ত্রই নির্বাচনকালীন সময়ে একটি বড় থ্রেট।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে ‘জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

থানা থেকে লুট হওয়া ব্যক্তিগত অস্ত্রের বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, শুধু লুট হওয়া অস্ত্র নয়, যেকোনো অস্ত্রই হুমকি। বিভিন্ন পথে অস্ত্র দেশে প্রবেশ করে থাকতে পারে— এ বিষয়টি মাথায় রেখেই মোকাবিলার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বৈধ অস্ত্র জমা দেওয়ার বিষয়ে আইজিপি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার পর এখন পর্যন্ত ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র জমা দিয়েছেন মালিকরা। কতগুলো অস্ত্র এখনো জমা পড়েনি— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জমা না পড়া অস্ত্রের সংখ্যা খুব বেশি নয়। অনেক অস্ত্রের মালিক হয়তো দেশের বাইরে অবস্থান করছেন বা লকারে অস্ত্র রেখে তালাবদ্ধ করে গেছেন।

আইজিপি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বৈধ অস্ত্রের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।

তিনি আরও জানান, এবারের নির্বাচনে ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

নিরাপত্তা ব্যবস্থা তিন স্তরে পরিচালিত হবে জানিয়ে আইজিপি বলেন, প্রযুক্তিনির্ভর নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রায় ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা ব্যবহার করা হবে। পাশাপাশি পরিস্থিতি নজরদারিতে পুলিশ সুপারদের অধীনে ড্রোন ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন