গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৩ এএম
ছবি- সংগৃহীত
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন নির্বাচন ও গণভোট দেশের রাজনৈতিক কাঠামোয় অভূতপূর্ব পরিবর্তন আনবে। তার মতে, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে দেশে আর অপশাসন ফিরে আসবে না এবং বাংলাদেশের ভবিষ্যৎ নতুনভাবে নির্মিত হবে।
সোমবার সচিবদের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানে প্রায় ৭০ জন সচিব ও সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।
ইউনূস বলেন, অতীতে অনুষ্ঠিত নির্বাচনগুলো প্রকৃত অর্থে নির্বাচন ছিল না, বরং ভুয়া নির্বাচন। তবে এবারের নির্বাচন হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ। তিনি উল্লেখ করেন, এবার প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা সরাসরি দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন, যা তাদের ভূমিকা আরও মর্যাদাপূর্ণ করেছে।
তিনি জানান, ভোটদান প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যাপক ব্যবহার করা হচ্ছে। ভোটারদের জন্য একটি অ্যাপ চালু করা হয়েছে, পাশাপাশি প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের নিরাপত্তা পর্যবেক্ষণে আলাদা অ্যাপ ব্যবহার করা হবে। সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ২৫ হাজারের বেশি বডি ওর্ন ক্যামেরা এবং ‘নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩’ চালু করা হয়েছে।
ইউনূস বলেন, নানা দেশ থেকে বিপুলসংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে আসছেন, যা প্রমাণ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ফিরে এসেছে। তিনি দাবি করেন, শেখ হাসিনার সময়ে অনুষ্ঠিত আগের তিনটি নির্বাচনের কোনো বৈধতা ছিল না এবং তখন উল্লেখযোগ্য আন্তর্জাতিক পর্যবেক্ষকও আসেননি।
প্রধান উপদেষ্টা সচিবদের ধন্যবাদ জানিয়ে বলেন, গত ১৮ মাসে তারা প্রায় ১৩০টি অধ্যাদেশ বাস্তবায়নে সহযোগিতা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়বে, বিশেষ করে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির কারণে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে উঠবে।



