ডেইলি স্টার-প্রথম আলোতে হামলার সময় ট্রাফিক জ্যামের কারণে পুলিশ পৌঁছাতে পারেনি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২২ পিএম
ছবি : সংগৃহীত
ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলার সময় ট্র্যাফিক জ্যামের কারণে পুলিশ সময়মতো উপস্থিত হতে পারেনি বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা বিষয়ক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, “ডেইলি স্টার-প্রথম আলোতে গভীর রাতে যে আক্রমণ হলো, ট্র্যাফিক জ্যামের কারণে সেখানে আমি আমার অফিসারদের পাঠাতে পারিনি। ফলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।”
যমুনা ঘেরাও করে প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশের চেষ্টাকালে পুলিশের অবস্থান নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “যমুনাতে সরকার প্রধানের বাসভবন ঘেরাও করে ঢোকার চেষ্টা হলে ডিএমপি কমিশনারের বসে থাকার সুযোগ আছে কি না? আমি শুধু নিজেই যাইনি, আইজিপিকেও ফোন করে বলেছি— ‘ভাই আমি একা পারতেছি না, ইউ শুড কাম অ্যান্ড হেল্প মি’। যতক্ষণে উনি এসেছেন, আমরা ততক্ষণে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছি।”



