সাইফুজ্জামানের নামে আরও পাঁচ দেশে সম্পদের খোঁজ পেল দুদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে-বেনামে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ক্যাম্বোডিয়ায় বিপুল সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে তার ৫৮২টি বাড়ি ও ফ্ল্যাটের প্রমাণ মিলেছিল।
শনিবার দিবাগত রাত সোয়া ৪টার দিকে (২১ সেপ্টেম্বর ভোরে) চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ৩ নং শিকলবাহা ইউনিয়নের ওসমান তালুকদারের বাড়ি থেকে সাইফুজ্জামানের স্ত্রী ও ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানের ড্রাইভার মো. ইলিয়াস তালুকদারের কাছে রাখা ২৩ বস্তা নথিপত্র উদ্ধার করে দুদক। স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি, পুলিশ ও সাক্ষীদের উপস্থিতিতে অভিযান চালানো হয়। দুদকের উপস্থিতি আঁচ করে নথিগুলো পাশের বাড়িতে সরিয়ে রাখা হয়েছিল।
দুদক সূত্রে জানা যায়, ১৬ সেপ্টেম্বর কালুরঘাটে আরামিট গ্রুপের কারখানা থেকে নথিগুলো গোপনে সরিয়ে আনা হয়। প্রথমে ড্রাইভার ইলিয়াস নিজ বাড়িতে রাখলেও ১৮ সেপ্টেম্বর অভিযানের আগে পাশের বাড়িতে স্থানান্তর করেন।
উদ্ধারকৃত নথিপত্রে দেখা গেছে—বিদেশে বাড়ি কেনা, ভাড়ার আয়, রক্ষণাবেক্ষণ ব্যয়সহ বিস্তারিত তথ্য রয়েছে। এর পাশাপাশি মুদ্রা পাচার ও মানি লন্ডারিংয়ের প্রমাণও পাওয়া গেছে। দুদকের টাস্কফোর্স ধাপে ধাপে নথিগুলো যাচাই করে কমিশনের কাছে উপস্থাপন করবে।
এর আগে ১৮ সেপ্টেম্বর আরামিট গ্রুপের এজিএম উৎপল পাল এবং দেশে সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আজিজকে গ্রেপ্তার করে দুদক।
ক্ষমতার পরিবর্তনের পর থেকেই সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে। প্রায় ১৭৬ কোটি টাকা আত্মসাতের মামলায় সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুকমীলা জামান ও ইউসিবি ব্যাংকের অর্ধশতাধিক কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
এছাড়া গত ১৮ সেপ্টেম্বর দুদক আদালতে আবেদন করেছে—সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারির জন্য।



