নির্বাচনে ৫০ লাখ প্রবাসী ভোটার অন্তর্ভুক্তির উদ্যোগ, ব্যয় ৪০০ কোটি টাকা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০০ পিএম
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০ লাখ প্রবাসী বাংলাদেশিকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিশ্বের ৪০টি দেশে বসবাসরত প্রায় ১ কোটি ৪০ লাখ প্রবাসীর মধ্যে এনআইডি থাকা ৭০ শতাংশের মধ্যে অর্ধেককে ভোটদানের সুযোগ দিতে চায় সংস্থাটি।
ইসি সূত্রে জানা গেছে, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি অনলাইন নিবন্ধন অ্যাপ তৈরি করা হচ্ছে, যার জন্য প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি টাকা। এছাড়া পোস্টাল ব্যালট পাঠানো ও গ্রহণসহ অন্যান্য ব্যয় মিলিয়ে মোট ব্যয় হবে প্রায় ৪০০ কোটি টাকা।
প্রবাসীরা অনলাইনে নিবন্ধন করে ভোট দেবেন, এবং তাদের জন্য পৃথক ভোটার তালিকা তৈরি করা হবে। তপশিল ঘোষণার পর ‘সিম্বল ব্যালট’ ছাপিয়ে ডাকযোগে পাঠানো হবে, যেখানে প্রার্থীর নাম নয়, শুধু প্রতীক থাকবে। ভোটাররা ব্যালটে প্রতীক চিহ্নিত করে তা রিটার্নিং কর্মকর্তার ঠিকানায় পাঠাবেন, যা ভোটের দিন গণনায় অন্তর্ভুক্ত হবে।
এই উদ্যোগের মাধ্যমে প্রথমবারের মতো দেশের ৭১টি কারাগারের বন্দিরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন, পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও এই সুবিধা পাবেন।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, "পরীক্ষামূলকভাবে হলেও এবারের নির্বাচনে প্রবাসীদের ভোটের সুযোগ সৃষ্টি করতে চায় কমিশন"।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, "যাদের এনআইডি আছে, তারাই কেবল এই সুযোগ পাবেন। বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, ৪০টি দেশে বাংলাদেশি প্রবাসীদের আধিক্য রয়েছে, এবং তাদের মধ্যে ৫০ লাখের মতো ভোটারকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে**"।
ডাক বিভাগ জানিয়েছে, সবচেয়ে দূরের দেশে একটি চিঠি পাঠাতে ও আনতে ২৮ দিন সময় লাগে, তাই দেশের ভোটের আগেই প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন।
এই উদ্যোগ প্রবাসীদের দীর্ঘদিনের দাবির প্রতিফলন, যা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণার পর বাস্তবায়নের পথে এগোচ্ছে।



