জুলাই সনদ বাস্তবায়নে সংলাপে বসছে ঐকমত্য কমিশন, অংশ নেবেন প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীতে এ সংলাপ অনুষ্ঠিত হবে। কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে উপস্থিত থাকবেন।
বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ কয়েকটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বৈঠকে অংশ নেবেন।
এর আগে ১১ সেপ্টেম্বর কমিশনের সর্বশেষ বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হলেও রাজনৈতিক মতপার্থক্যের কারণে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের জন্য চারটি প্রস্তাবনা দিয়েছে:
গণভোট
বিশেষ সাংবিধানিক আদেশ
অধ্যাদেশ
নির্বাহী আদেশ
আজকের বৈঠকে মূলত কোন পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য হবে তা নিয়েই আলোচনা হবে। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সনদের বাস্তবায়ন কাঠামো নির্ধারণে অগ্রগতি আশা করা হচ্ছে।



