Logo
Logo
×

জাতীয়

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত করতে বৃহস্পতিবার ইসির বৈঠক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৭ পিএম

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত করতে বৃহস্পতিবার ইসির বৈঠক

ছবি : সংগৃহীত

মাঠ পর্যায়ের তদন্ত ও যাচাই-বাছাই শেষে নতুন রাজনৈতিক দল নিবন্ধন চূড়ান্ত করতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ্ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে ‘সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা’ বিষয়ক কমিটির ১৩তম সভা অনুষ্ঠিত হবে। সভার আলোচ্যসূচিতে নতুন রাজনৈতিক দল নিবন্ধন সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ১৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন শর্ত পূরণকারী দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপর ১৫ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত দাবি-আপত্তি থাকলে শুনানি গ্রহণ করবে কমিশন। কোনো আপত্তি না থাকলে ২৩ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত অনুমোদন ও গেজেট প্রকাশ করে নিবন্ধন সনদ প্রদান করা হবে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ২২টি দলের বিষয়ে জেলাভিত্তিক তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে। ৬৪ জেলার সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রতিবেদন দিচ্ছেন, যার কিছু ইতিমধ্যে এসেছে, কিছু এখনও পাইপলাইনে রয়েছে।

প্রাথমিক বাছাইয়ে টিকে থাকা ২২টি দল হলো: ফরওয়ার্ড পার্টি, আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), মৌলিক বাংলা, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় জনতা পার্টি, জনতার দল, জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় লীগ, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)–সিপিবি (এম), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ–শাহজাহান সিরাজ), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সলুশন পার্টি এবং নতুন বাংলাদেশ পার্টি।

আইন অনুযায়ী, নিবন্ধন পেতে হলে দলের একটি কেন্দ্রীয় কমিটি, অন্তত এক-তৃতীয়াংশ জেলায় কমিটি, ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। এছাড়া পূর্বে সংসদ সদস্য থাকা বা আগের নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পাওয়া দলও নিবন্ধনের যোগ্য বলে বিবেচিত হয়। প্রাথমিক বাছাইয়ে এসব শর্ত ও নিয়ম-কানুনই যাচাই করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন