আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। খুলনা ও বরিশাল বিভাগেও দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পরবর্তী দিনগুলোতেও একই ধারা বজায় থাকবে। বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগেও কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশাল ও খুলনা বিভাগেও কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সারাদেশে তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের শুরুতে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে, যা জনজীবনে প্রভাব ফেলতে পারে। নদী ও পাহাড়ি এলাকায় সতর্কতা অবলম্বনের পরামর্শও দেওয়া হয়েছে।



